কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।











