বাঘাইছড়ির বিটি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি
বাঘাইছড়ি প্রতিনিধি।।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বিটি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সমাবেশ, আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে বাঘাইছড়ি থানা পুলিশের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা ও বিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মরাজ চাকমা।
মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য দেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানা ও এসআই টিকলু কুমার পাল উপস্থিত ছিলেন। তাঁরা মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ সদস্যরা অংশ নেন।











