ঢাকা | অক্টোবর ১২, ২০২৬ - ৮:১৩ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দুর্গাপূজা উপলক্ষে বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা

বাঘাইছড়ি প্রতিনিধি।

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ২৭ বিজিবির মারিশ্যা জোন সদর দপ্তরে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ যেন আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হবে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি প্রস্তুত রয়েছে।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার শাহা, ৩৭ বিএন আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মামুন হাওলাদার এবং উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, জামায়াতের আমির মাওলানা কবির আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পূজার সময় ভক্তদের নির্বিঘ্ন চলাচলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

 

সভা শেষে মারিশ্যা জোনের পক্ষ থেকে পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

সম্পর্কিত