কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর ২০২৬) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাজমিন গত সপ্তাহে কক্সবাজার ভ্রমণে গিয়েছিল। পরবর্তীতে গত ৭ অক্টোবর কুমিল্লায় ফেরার পথে পদুয়ারবাজার বিশ্বরোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে। পথিমধ্যে অটোরিকশাচালক সুমন মিয়া তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশ নিশ্চিত করেছে। পরদিন ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের মূল হোতা সিএনজিচালক সুমন মিয়াকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে নিজের অপরাধ স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডের আগের যাতায়াত ও যোগাযোগের রহস্য উদ্ঘাটনে কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাজমিনের স্বজন ও এলাকাবাসী।











