‘মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রমাণ চাইল জামায়াত
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে প্রশাসকের দেওয়া ‘৭০০ অটোরিকশা’ থাকার দাবিকে সম্পূর্ণ কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে দলটি। একই সঙ্গে এই বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্যর্থতায় জনসমক্ষে দুঃখ প্রকাশের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে তার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ তোলার আগে নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য ছিল। প্রমাণ ছাড়া এমন মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অটোরিকশা চলাচল, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো রাজনৈতিক দলের অবস্থানকে খণ্ডন করতে হলে তা যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে করা উচিত; কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে নয়।
জামায়াত ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের সপক্ষে যাচাইযোগ্য প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, প্রমাণ দিতে ব্যর্থ হলে তাকে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে।
এর আগে গত ৫ অক্টোবর অটোরিকশা চালকদের আন্দোলন ও জীবিকাসংশ্লিষ্ট দাবিদাওয়া প্রসঙ্গে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, দেশে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সরকারের উচিত চালকদের দাবিগুলো বিবেচনা করা। তার এই বক্তব্যের প্রেক্ষিতেই ডিএনসিসি প্রশাসক মন্তব্য করেছিলেন যে, অটোরিকশা চালকদের পক্ষে সাফাই গাওয়া সেই নেতারই ৭০০টি অটোরিকশা রয়েছে।











