ঢাকা | অক্টোবর ৯, ২০২৬ - ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

বিকাশ এজেন্টকে গুলি করে ৩ কোটি টাকা লুট, আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।। গাজীপুরের শ্রীপুরে চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে এবং প্রকাশ্যে গুলি চালিয়ে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের এক ডিস্ট্রিবিউটরের (এজেন্ট) প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রতিষ্ঠানের এক হিসাবরক্ষণ কর্মকর্তা (অ্যাকাউন্টস ম্যানেজার) গুরুতর আহত হয়েছেন। এছাড়া হামলায় চালক ও এরিয়া ম্যানেজারসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’-এর শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। এ কারণে নিয়মানুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ চার কোটি টাকা নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেটকার) করে শ্রীপুরে আসা হচ্ছিল।

তিনি আরও জানান, টাকা বহনকারী গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে লক্ষ্য করে গুলি ছাড়ে। গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা এর মধ্যে টাকাভর্তি দুইটি প্লাস্টিকের বস্তা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ শুরু করেছে। ঘটনার শিকার ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গুরুত্বের সাথে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাঠে নেমেছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

সম্পর্কিত