ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ৯:৫০ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ 

কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাজারের প্রবেশ গেটের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়া গিয়ে সন্ধ্যায় লালন শাহের মাজার পরিদর্শনে যান নাসীরুদ্দীন পাটওয়ারী. সেখানে বাউল শিল্পীদের গান শুনে মাজার থেকে বের হওয়ার সময় প্রবেশ গেটের সামনে অজ্ঞাত একদল যুবক তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। একই সময়ে তাঁর বহরে থাকা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে গাড়িটির গ্লাস ভেঙে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কিছু লোককে ‘ধর, ধর’ বলে ধাওয়া করতে দেখা যায়। ঘটনার পর তিনি ও তাঁর সঙ্গীরা মাজার প্রাঙ্গণে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ থাকেন।

খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ পাহারায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর দলের নেতাকর্মীদের নিরাপদ হেফাজতে নিয়ে মাজার এলাকা ত্যাগ করানো হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এই হামলার ঘটনায় কুষ্টিয়া পৌর ছাত্রদলের এক নেতার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি তা অস্বীকার করে জানান, ছাত্রদল মব রাজনীতিতে বিশ্বাস করে না এবং এর সঙ্গে কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে দাবি করেন, এটি বর্তমান সরকারের সময়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা চালিয়ে তাঁর কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন। তবে এ বিষয়ে এখনো নাসীরুদ্দীন পাটওয়ারীর সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত