ডিমলায় ছাগলের একসঙ্গে ছয় বাচ্চা প্রসব, মৃত দুটি
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে একটি ছাগলের একসঙ্গে ছয়টি বাচ্চা প্রসবের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলামের পোষা ছাগলটি বাচ্চাগুলোর জন্ম দেয়। এর মধ্যে দুটি বাচ্চা মারা গেলেও বাকি চারটি ও মা ছাগলটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে পরিবার।
জানা গেছে, জন্ম নেওয়া ছয়টি বাচ্চার মধ্যে তিনটি পাঠা ও তিনটি ছাগী। বিরল এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাগলটিকে দেখতে রবিউল ইসলামের বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার উৎসুক মানুষ।
ছাগলের মালিক রবিউল ইসলাম বলেন, একসঙ্গে ছয়টি বাচ্চা হবে, তা তাঁরা কল্পনাও করেননি। দুটি বাচ্চা মারা গেলেও মা ছাগল ও বাকি চারটি বাচ্চা সুস্থ থাকায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি ছাগলের একসঙ্গে এতগুলো বাচ্চা প্রসবের ঘটনা এলাকায় সচরাচর দেখা যায় না। এ কারণে ঘটনাটি নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বর্তমানে মা ছাগল ও বেঁচে থাকা বাচ্চাগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্ব দিচ্ছে পরিবারটি।











