ঢাকা | নভেম্বর ১৭, ২০২৬ - ৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

চাকরি থেকে বরখাস্ত সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি, কাল থেকে সিদ্ধান্ত কার্যকর

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে এই আদেশ জারি করা হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে বিদায়ের ধরন হিসেবে স্পষ্টভাবে ‘বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে।

সেনা আইন, ১৯৫২-এর ১৬ ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ দুটিতে সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। উল্লেখ্য, এই আইনে কোর্ট মার্শালের রায় ছাড়াই প্রশাসনিক প্রক্রিয়ায় কোনো কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের বিধান রয়েছে। তবে তাদের বিরুদ্ধে সামরিক বা বেসামরিক আদালতে কোনো মামলা হবে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বরখাস্ত হওয়া বিএ-৪৬৩৮ নম্বরধারী ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন সেনাসদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তার অধীনে কোনো অপারেশনাল কমান্ডের দায়িত্ব ছিল না। অন্যদিকে, বিএ-৬৯৭২ নম্বরধারী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা এবং তিনি সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ছিলেন।

বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা এস এম জাকারিয়া হোসেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ওই বছরের ১৯ জুলাই দেশজুড়ে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সময় ঢাকা সেনানিবাসে অবস্থিত গুরুত্বপূর্ণ এই ব্রিগেডটির দায়িত্বে ছিলেন তিনি।

সম্পর্কিত