ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মো. মোবারক হোসেন নামের এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আবদুল মোতালেব মজুমদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন এবং ঝাড়ফুঁক ও কবিরাজির পাশাপাশি স্থানীয় বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুবির লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে মোবারক জানান, ঝাড়ফুঁকের সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় হয় এবং ঘটনার প্রায় এক মাস আগে থেকে তিনি ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তিনি ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি সুমাইয়ার মা দেখে ফেলায় প্রথমে তাহমিনা বেগমকে এবং পরে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

সম্পর্কিত