ঢাকা | সেপ্টেম্বর ২৫, ২০২৬ - ৮:০১ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

মাঝসাগরে পাচঁদিনের রুদ্ধশ্বাস ভাসমান জীবন, আট জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। সুন্দরবন সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে টানা পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আটজন জেলে একটি ফিশিং বোট নিয়ে কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে মাছ ধরছিলেন। হঠাতই বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি মাঝসাগরে ভাসতে থাকে। যোগাযোগের কোনো মাধ্যম না থাকায় টানা প্রায় পাঁচ দিন জেলেরা সাগরেই আটকে থাকেন।

পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন এক জেলে দ্রুত বোটের মালিককে ফোন করে তাদের বিপদের কথা জানান। বোট মালিক তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোনকে অবহিত করে সাহায্য চান।

নৌবাহিনীর কোস্টগার্ড স্টেশন কোকিলমনির একটি উদ্ধারকারী দল খবর পেয়ে দ্রুত সাগরে অভিযানে নামে। আধুনিক প্রযুক্তি ও তৎপরতার মাধ্যমে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ আট জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় তারা।

উদ্ধারকৃত জেলেদের কোস্টগার্ডের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে বোটসহ জেলেদের তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সাগরে যেকোনো দুর্যোগ ও জরুরি মুহূর্তে সাধারণ মানুষের জানমাল রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত