পর্তুগাল-চিলির ম্যাচে মারামারি, লাল কার্ড খেয়েও জয় পেলেন পর্তুগাল
স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপ শুরুর ঠিক আগে মাঠের ফুটবলের চেয়ে অনাকাঙ্ক্ষিত এক মারামারির ঘটনায় উত্তাপ ছড়ালো পর্তুগাল ও চিলির লড়াই। চিলির ডিফেন্ডারকে ঘুষি মেরে লাল কার্ড দেখেছেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিও। প্রথমার্ধেই দুই দলের দুজন লাল কার্ড দেখে মাঠ ছাড়ার রাতে শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগাল।
শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিলির বিপক্ষে পর্তুগালের জয় ২-১ ব্যবধানে। ম্যাচের সবগুলো গোলই আসে দ্বিতীয়ার্ধে।
অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোকে শুরুর একাদশে নামান পর্তুগিজ কোচ। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় মাঠ।
চিলির এক খেলোয়াড় ফাউল করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রাফায়েল লিও। এর জের ধরে চিলির ডিফেন্ডার ইভান রোমানের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান তিনি। এক পর্যায়ে মেজাজ হারিয়ে রোমানকে সরাসরি ঘুষি মেরে বসেন লিও। এই ঘটনায় রেফারি লিও এবং চিলির রোমান—দুজনকেই সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় উভয় দলই।
উত্তপ্ত এই ঘটনার পর বিরতির সময় রোনালদোকে তুলে নেন কোচ। তাঁর পরিবর্তে মাঠে নামা গনসালো গুয়েদেস ডেডলক ভাঙেন। ম্যাচের ৫৮ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে পর্তুগালকে এগিয়ে নেন এই উইঙ্গার।
৭৫ মিনিটে ব্যবধান ২-০ করেন ব্রুনো ফার্নান্দেস। এই গোলের মাধ্যমে দেশের হয়ে নিজের ২৯ নম্বর গোলটি করলেন এই মিডফিল্ডার। পর্তুগালের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে পঞ্চম স্থানে ব্রুনো।
ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমে চিলির পক্ষে লুকাস সেপেদা একটি গোল শোধ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে।
১০ জুন নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে খেলবে পর্তুগাল। ১৭ জুন ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। ‘কে’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
রাতের অন্য প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আর নিউ জিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড।











