বিপিকেএস’র জাতীয় লটারি-২০২৬ শুভ উদ্বোধন
ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) ২০/- টাকা মূল্যমানের জাতীয় লটারি-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল রুমে এই লটারি উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ সচিব মো. হুমায়ুন কবির, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. জিল্লুর রহমান।
প্রধান আলোচক ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন সদস্য আবদুস সাত্তার দুলাল।
সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হাজারী।
বক্তরা বলেন, লটারি থেকে প্রাপ্ত অর্থ প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে। এ পর্যন্ত বিপিকেএস প্রায় ১২ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়ক উপকরণ প্রদান এবং দুই লাখ ৫০ হাজর প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন উপায়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করেছে।
এছাড়া বিপিকেএস শিক্ষক, সাংবাদিকসহ প্রায় ৫ লাখ ৫০ হাজার পেশাজীবীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদেরকে প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে। বিপিকেএস জাতীয় লটারি ২০২৬ সেই প্রচেষ্টারই একটি অংশ।
অনুষ্ঠানে বিপিকেএস এর কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জাতীয় লটারি প্রকল্পের সদস্য-সচিব মো. আলম কবির উপস্থিত ছিলেন।











