৮০ লাখ টাকা ঘুষের দাবি: এক লাখসহ হাতেনাতে লালবাগের সার্ভেয়ার আটক
নিজস্ব প্রতিবেদক।। লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে ঘুষের প্রথম কিস্তির এক লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করার বিনিময়ে তিনি এক ভুক্তভোগীর কাছে মোট ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) তারিখে ফাঁদ পেতে দুদকের একটি বিশেষ এনফোর্সমেন্ট দল তাকে এই অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে।
দুদক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ব্যক্তি হলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য (সৈনিক) মো. মনিরুল ইসলাম। তিনি ঢাকার লালবাগ থানার চরকামরাঙ্গী মৌজার ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে একটি নিবন্ধিত পাওয়ার অব অ্যাটর্নি পান। ওই জমির সীমানা নির্ধারণ, স্কেচ ম্যাপ তৈরি ও সরকারি-বেসরকারি জমি পৃথকীকরণের জন্য মনিরুল ইসলাম গত এপ্রিল মাসে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন।
অভিযোগে জানা যায়, দীর্ঘ প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে বারবার ঘুরেও কোনো কাজ না হওয়ায় ভুক্তভোগীকে সার্ভেয়ার আসাদুলের কাছে পাঠানো হয়। তখন আসাদুল ইসলাম কাজ করে দেওয়ার শর্তে সরাসরি ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। হয়রানির শিকার মনিরুল ইসলাম নিরুপায় হয়ে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেন।
অভিযোগের সত্যতা যাচাই করে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল আজ সকালে লালবাগ রাজস্ব সার্কেল কার্যালয় এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। আসাদুল ইসলাম যখন ঘুষের প্রথম কিস্তির এক লাখ টাকা গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা দুদকের দল তাকে অবরুদ্ধ করে এবং ঘুষের টাকাসহ গ্রেফতার করে।
দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, আটককৃত সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ একটি নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।











