ঢাকা | এপ্রিল ৩, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ও কর্মচারী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

  • আপডেট: Friday, April 3, 2026 - 7:56 pm

কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ও কর্মচারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে উপজেলার ঘোড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শামসুল আলম শাহ।

গ্রেপ্তাররা হলেন- নগরের দক্ষিণ চর্থা এলাকার প্রয়াত হিরন মিয়া ছেলে আশরাফুল ইসলাম আকাশ (৩২) এবং রেইসকোর্স এলাকার প্রয়াত গোলাম মোস্তফা ভূঁইয়া ছেলে মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২)।

ওসি শামসুল আলম বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে আকাশ ও সানিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘোড়ামারা এলাকার একটি চারতলা ভবনের মোবাইল টাওয়ারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগ পাওয়া যায়।

 

ব্যাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, সানি ‘যত্নের মায়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের’ পরিচালক এবং আকাশ একই প্রতিষ্ঠানের কর্মচারী।

ওসি শামসুল আলম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।