ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মিঠাপুকুর সংবাদদাতা।। রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রূপসী চিলড্রেন পার্কের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জোবায়ের পরিবহনের একটি যাত্রীবাহী বাস রূপসী চিলড্রেন পার্কের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

খবর পেয়ে মিঠাপুকুর থানা-পুলিশ, বড়দরগাহ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রংপুরের পীরগঞ্জ উপজেলার বাউলবাড়ী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মাজেদুল ইসলাম (২৮) এবং একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৩০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

এছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১০ থেকে ১২ জন যাত্রীকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পলাতক বাস চালক ও হেলপারকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত