ঢাকা | নভেম্বর ২৭, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি।। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দু-একজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কলুষিত হতে দেওয়া যাবে না। যারা দলের নাম ভাঙিয়ে সমাজে বদনাম ছড়াচ্ছে, তারা দলের জন্য জঞ্জাল।

অভিযোগ করে তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিল এবং এখনো গোপনে তাদের সঙ্গে আঁতাত করে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

এ সময় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর নির্দেশনা দেন মন্ত্রী। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে কোনো ধরনের ছাড় না দিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৯৫ লাখ ৬০ হাজার টাকার সরকারি অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রতিনিধি এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত