ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা: তিনজন আহত, অবকাঠামো ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক।। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি প্রধান বিমানবন্দর লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং বিমানবন্দর দুটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জিএসিএ জানিয়েছে, হামলার শিকার বিমানবন্দর দুটি হলো—জাজানের কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর। হামলার পরপরই জরুরি পরিষেবা দল ও নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী গতকাল সোমবারই সৌদি আরবজুড়ে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল।

এক বার্তায় তারা জানায়, জাজান ও নাজরানের ‘সংবেদনশীল স্থাপনা’ ছাড়াও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর এবং রাবিঘে অবস্থিত সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে তারা সফল হামলা চালিয়েছে।

স্যাটেলাইট চিত্রেও আরামকোর শোধনাগার থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনার ওপর কাপুরুষোচিত আক্রমণ বলে আখ্যা দিয়েছে। এই সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য তারা সম্পূর্ণভাবে হুথিদের দায়ী করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তার জন্য হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ এক দশক ধরে চলা এই সংঘাতের জেরে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবারও চরম রূপ নিয়েছে।

সম্পর্কিত