ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ের হত্যা মামলায় আসামি মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে হাছিনা আক্তার ওরফে সুমি (২৮) হত্যা মামলায় মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ (২৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙামাটি জেলা জজ আদালত কাপ্তাই থানার হত্যা মামলা নং-৪, তারিখ ১৩ মার্চ ২০২২, জিআর নং-৯৩/২২ ও এসসি নং-৮৯/২৪ মামলায় দণ্ডবিধির ৩০২/২০৯/৩৪ ধারায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ নেত্রকোনার মদন উপজেলার কাইকাইল এলাকার মো. মনির উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মরিয়ম বেগম। কাপ্তাইয়ে তার বর্তমান ঠিকানা জাকির হোসেন স’মিল, ৬ নম্বর ওয়ার্ড, নতুন বাজার।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ মার্চ কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেট থেকে হাছিনা আক্তার ওরফে সুমির মরদেহ উদ্ধার করা হয়। তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়। পরে নিহতের চেহারা বিকৃত করার উদ্দেশ্যে তার মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত হাছিনা আক্তার ওরফে সুমি রাঙামাটির চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের মেয়ে এবং ইমাম উদ্দিন ওরফে দ্বীন ইসলামের স্ত্রী।

এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ২০২২ সালের ১৩ মার্চ কাপ্তাই থানায় হত্যা মামলাটি দায়ের করেন। পরে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মো. মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহকে মৃত্যুদণ্ড দেন।

সম্পর্কিত