ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি।।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) ২০২৬ তারিখে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে বিভিন্ন এলাকায় বনজ ও ফলজ বৃক্ষরোপণ, চারা বিতরণ, সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কমলাপাড়া, হরিণাছড়া ও ওল্ডলংকর পাড়া এলাকায় বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

এ ছাড়া স্থানীয়দের স্বাবলম্বী করে তোলা ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কমলাপাড়া এলাকার জুলিয়ে কারবারিকে একটি সেলাই মেশিন এবং অঞ্জনা দেবীকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। একইভাবে ওল্ডলংকর এলাকার অঞ্জলি পাংখোয়াকে একটি সেলাই মেশিন এবং অসুস্থ অংকু পাংখোয়াকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কমলাপাড়া এলাকার হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এবং স্থানীয় ৫০ থেকে ৬০ জন পাহাড়ি বাসিন্দা অংশ নেন।

সভায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সম্পর্কিত