পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
নিজস্ব প্রতিবেদক।। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। এর মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। কামারুম মুনিরা বিদায়ী এআইজি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হলেন। শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগে বদলি করা হয়েছে।
২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা কামারুম মুনিরার বাড়ি ঢাকা জেলায়। কর্মজীবনে তিনি মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সদরদপ্তরে পদায়নের পর তিনি ইতিপূর্বে ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি হিসেবেও কাজ করেছেন।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ পুলিশের বিভিন্ন কার্যক্রম, সংবাদ বিজ্ঞপ্তি, গণমাধ্যমে তথ্য সরবরাহ এবং পুলিশের সঙ্গে গণমাধ্যমকর্মীদের যোগাযোগের ক্ষেত্রে মূল সমন্বয়কের ভূমিকা পালন করে।











