‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাজস্থলীতে
রাজস্থলী প্রতিনিধি।।
‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউছুফ হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান, শেখ এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, থানা উপপরিদর্শক কল্যাণ মিত্র ত্রিপুরা, সরকারি কলেজের প্রদর্শক বিশ্বজিৎ সেন, শিক্ষক জাহিদুল আলম, সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











