দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটের দুর্গম পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর ২০২৬ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমাম, এএমসি শিয়ালদহ পাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
মেডিকেল ক্যাম্পে জটিল ও পুরোনো রোগে আক্রান্ত স্থানীয় ৮০ জন দরিদ্র ও অসুস্থ পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সেবাগ্রহীতাদের মধ্যে ৪০ জন শিশু, ২৩ জন পুরুষ ও ১৭ জন নারী ছিলেন।
চিকিৎসাসেবা নেওয়া ব্যক্তিদের মধ্যে অলকা রানী, ভূমিকা ত্রিপুরা, থাইমন্টি ত্রিপুরা, মনির ত্রিপুরা, নোলেন ত্রিপুরা, ডিমন্টি ত্রিপুরা (১১), ভূমির ত্রিপুরা (১৫), কাকোন্তি ত্রিপুরা, নাজু রানী ত্রিপুরা, অপুটি ত্রিপুরা, অলকা (২৬) ও চৌন্দ্র ত্রিপুরা (৩) উল্লেখযোগ্য।
স্থানীয়দের মধ্যে এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে দুর্গম এলাকায় নিয়মিতভাবে এ ধরনের চিকিৎসাসেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মানোন্নয়নে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।











