ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ের রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৮ জন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও কাপ্তাই উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল দে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল বলে জানান চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক দুর্জয়। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে বেলাল উদ্দিন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচন শেষে সমিতির সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর সমিতির কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত