ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সদস্যদের আবাসিক ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ফ্ল্যাটে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও ছিলেন বলে জানা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, রোববার দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে খাবার খান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা আলাদা কক্ষে যান। বিকেল ৫টার পর মরিয়মকে ডাকতে গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সংসদ সদস্য। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
তবে মরিয়ম খাতুন কখন মারা গেছেন, কিংবা এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তে সিআইডির ফরেনসিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।











