ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৬:১০ অপরাহ্ন

শিরোনাম

বিনোদন

আদালতে পরীমনির দেহরক্ষীদের তান্ডবে রক্তাক্ত বিচারপ্রার্থী, সাংবাদিকদের ওপর হামলা

বিনোদন প্রতিবেদক।। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেও নতুন বিতর্কে জড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। এবার তার ব্যক্তিগত দেহরক্ষীদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে এক বিচারপ্রার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। একই সাথে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের মারধর, মুঠোফোন কেড়ে নেওয়া এবং আদালতকক্ষে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আগের দিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এদিন আত্মসমর্পণ করেন পরী মণি। অসুস্থতার কারণে আগের দিন হাজির হতে না পারার কথা জানিয়ে জামিন আবেদন করা হলে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ১১ জন দেহরক্ষীসহ সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িতে চড়ে আদালত প্রাঙ্গণে আসেন এই অভিনেত্রী।

জামিন শুনানির আগেই আদালত ভবনের ভেতরে ও বাইরে পরীমনির দেহরক্ষীদের আচরণ নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়। পারিবারিক জমিসংক্রান্ত মামলার কাজে এসে দেহরক্ষীদের ধাক্কা ও হামলার শিকার হন সুজন চন্দ্র নামের এক বিচারপ্রার্থী। গুরুতর আহত সুজনের মাথা ফেটে রক্ত বের হতে থাকলে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। একই সাথে এজলাসে প্রবেশে বাধা দেওয়ায় উপস্থিত সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

শুনানি শেষে আদালত ভবনের নিচে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারধর এবং তাদের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে দেহরক্ষীদের বিরুদ্ধে, যদিও পরে ফোনগুলো ফেরত দেওয়া হয়। গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিতভাবে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি নিজেও। তবে ভিডিও ধারণ করার সময় ধাক্কা লেগেছে দাবি করে ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করেন।

ঘটনার বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, সাংবাদিকদের মারধরের কোনো ঘটনা তিনি নিজে দেখেননি, তবে এমন কিছু ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত। তিনি আদালত প্রাঙ্গণে পুলিশের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার দাবি জানান।

২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এই মামলায় এর আগেও পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আজ আবারও তিনি জামিন পেলেও আদালত প্রাঙ্গণে দেহরক্ষীদের তাণ্ডবের অভিযোগ নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কিত