ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১০:১৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীতে জমি বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার যতন তঞ্চঙ্গ্যা ও মরহুম ইসলাম মাঝির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার মৌজা প্রধান (হেডম্যান) ও ইউপি সদস্যের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আবদুর রহিম নামে এক যুবককে আঘাত করা হয়। এ সময় ভাইকে রক্ষা করতে গিয়ে তার দুই বোন শানু আকতার ও আয়শা বেগমও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আবদুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুই আহত ব্যক্তি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিয়াউর রহমান জানান, আহতদের মধ্যে আবদুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত