ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

নিজ ভূমিতে ফিরল বম পরিবার, পুনর্বাসনে সেনাবাহিনীর সহায়তা

শৈলুমং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার মুননাম পাড়ায় দীর্ঘদিন ভারতের মিজোরামে অবস্থানের পর বম সম্প্রদায়ের একটি পরিবার ও একই পাড়ার আরও এক ব্যক্তি নিজ বসতভিটায় ফিরে এসে পুনরায় বসতি স্থাপন করেছেন। তাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ মার্চ নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে মুননাম পাড়ার একটি বম পরিবার এবং অন্য একটি পরিবারের একজন সদস্য ভারতের মিজোরামে আশ্রয় নেন। পরবর্তীতে রুমার পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসেন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফিরে আসা পরিবারটির খাদ্য ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ৫০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৭ কেজি তেল, ৫ কেজি লবণ, ৫ কেজি আলু ও ৫ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দেওয়া হয়। এছাড়া বসতঘর মেরামত ও পুনর্নির্মাণের জন্য ৩ বান্ডিল ঢেউটিন ও একটি সোলার প্যানেল এবং প্রাথমিক আর্থিক প্রয়োজন মেটাতে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

একই পাড়ায় ফিরে আসা অপর ব্যক্তিকেও ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি নিজ পাড়ায় স্থায়ীভাবে বসতি স্থাপনের পর প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে।

মুননাম পাড়ায় এই প্রত্যাবর্তন রুমায় চলমান পুনর্বাসন কার্যক্রমের ধারাবাহিকতা। এর আগে ভারতের মিজোরাম থেকে দার্জিলিং পাড়ায় একটি, নাজেরাত পাড়ায় একটি এবং মুলফি পাড়ায় একটি পরিবার নিজ পাড়ায় ফিরে এসে পুনর্বাসিত হয়েছে। এ নিয়ে রুমা উপজেলার বিভিন্ন পাড়ায় এ পর্যন্ত ৬৮টি পরিবার নিজ ভূমিতে ফিরে এসে পুনর্বাসিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন নিজ পাড়ার বাইরে অবস্থানের কারণে অনেক পরিবারের বসতঘর জরাজীর্ণ হয়ে পড়েছে। এসব পরিবারের খাদ্য, বাসস্থান, শিক্ষা ও জীবিকার বিষয় বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এতে প্রত্যাবর্তনকারী পরিবারগুলো নিজ পাড়ায় থেকে পুনরায় স্বাভাবিক জীবনযাপন ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছে।

নিজ বাড়ি ও পরিচিত পরিবেশে ফিরে আসায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে। দীর্ঘদিন পর নিজেদের বসতভিটায় ফিরে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

ভারতের মিজোরাম থেকে নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসতে ইচ্ছুক পরিবারগুলোর নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

সম্পর্কিত