ঢাকা | মে ১৬, ২০২৬ - ৬:২৮ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট: Saturday, May 16, 2026 - 5:14 pm

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, এমপি। এই উপলক্ষে অদ্য ১৬/০৫/২০২৬ ইং তারিখে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি জনাব মোঃ জাহিদুল হাসানের সঞ্চালনায় হাসপাতাল ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমি খুবই আনন্দিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।” তিনি আরও বলেন, “আমি আরও বেশি আনন্দিত এই মেডিকেল কলেজের লেখাপড়ার গুণগত মান নিয়ে। এই মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি মেডিকেল কলেজ হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে। এই মেডিকেল কলেজের রেটিংও খুব ভালো। আপনাদের এই রেটিং আরও এগিয়ে নিতে হবে।”

তিনি বলেন, “এই প্রতিষ্ঠানে আমরা রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। আমার কাছে অনেকেই এই মেডিকেল কলেজে ভর্তির জন্য তদবির করতে আসেন। আমি সবাইকে বলে দিয়েছি, ভর্তির ব্যাপারে নিয়মের বাইরে কোনো কিছু হবে না। এই সব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপ হলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে, সর্বোপরি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।”

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বড় পদক্ষেপ নিয়েছে। এই বছর বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ অনেক বৃদ্ধি করা হয়েছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউনিভার্সেল স্বাস্থ্যব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এজন্য সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি নতুন এই ভবনের নির্মাণকাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। তিনি এই প্রতিষ্ঠানের অধীনে একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালু করার আহ্বান জানান। কারণ দেশে এবং দেশের বাইরে টেকনোলজিস্টের ব্যাপক চাহিদা রয়েছে।

সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ডঃ মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি জনাব মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, জনাব তারিকুল ইসলাম তানভীর, জনাব মোঃ সাইফুল আলম, ডা. মোঃ বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সরোয়ার আলম, জনাব মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ মঞ্জরুল আলম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।