ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম

বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় বৃক্ষ প্রজাতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

  • আপডেট: Monday, June 29, 2026 - 6:45 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

‘সবুজায়নে বাংলাদেশ, জলবায়ু মোকাবেলায় অবিচল দেশ’ প্রতিপাদ্যে কক্সবাজারের ঈদগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট’-এর সহায়তায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুরে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণের আয়োজন করা হয়। পরে প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।

একইভাবে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শহীদুল হক। এছাড়া ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দীন এবং পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধান শফিউল আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ফলজ ও বনজ বৃক্ষের ব্যাপক রোপণ প্রয়োজন। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু সবুজায়ন বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ বায়ু নিশ্চিত করা, খাদ্য ও প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও টেকসই পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশীয় বৃক্ষ প্রজাতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সময়ের দাবি।