ঢাকা | মে ১৬, ২০২৬ - ৬:২৭ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

  • আপডেট: Saturday, May 16, 2026 - 5:14 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দাদার সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে মোসকান (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোসকান শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি চালক মো. মুছার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার জানান, শিশু মোসকান তার দাদা মো. ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে দাদার অজান্তে সে নদীর পানিতে নেমে তলিয়ে যায়। পরে তার দাদা ধারণা করেছিলেন, শিশুটি হয়তো বাড়িতে ফিরে গেছে। কিন্তু বাড়িতে তাকে না পেয়ে পুনরায় নদীর পাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।