ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম

জার্মানিকে বিদায় করে শেষ ষোলতে প্যারাগুয়ে, দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 11:21 am

 

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে শক্তিশালী জার্মানিকে হারিয়ে অবিশ্বাস্য জয় পেয়েছে প্যারাগুয়ে। আর এই ঐতিহাসিক জয় উদযাপনে দেশটিতে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

আজ মঙ্গলবার ভোরে অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর, টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-৩ ব্যবধানে স্তব্ধ করে দেয় লাতিন আমেরিকার দলটি।

এর আগের তিনটি বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হয়েছিল প্যারাগুয়েকে। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিস করার এক যুগ পর বিশ্বকাপে ফিরেই জার্মানিকে বিদায় করে দিল তারা।

২০০২ বিশ্বকাপে এই জার্মানির বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল প্যারাগুয়ে। দুই যুগ পর যুক্তরাষ্ট্রের বোস্টনে সেই হারের শোধও নিল লা আলবিরোহারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছুটির আদেশনামায় স্বাক্ষর করার একটি ছবি শেয়ার করে প্রেসিডেন্ট পেনা লিখেছেন, ‘আজ পুরো দেশ আনন্দে ভাসছে।‘

তিনি আরও বলেন করেন, ‘এই জয় এমন এক দলের, যারা আমাদের অস্তিত্বের গভীরে থাকা আসল রূপটিকে ফুটিয়ে তুলেছে। এটি আমাদের সেই জেদ, বিশ্বাস আর শক্তির জয়—যা আমাদের কখনো হার না মানতে শেখায়।‘

পেনার শেয়ার করা সরকারি আদেশনামায় বলা হয়েছে, প্যারাগুয়ের এই অর্জন কেবল খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি দেশজুড়ে উদযাপনের দাবি রাখে। ছুটির ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, ‘এই বিশাল অর্জনে সরকার উদাসীন থাকতে পারে না। এই ঐতিহাসিক দিনে সব প্যারাগুয়েন যেন একসঙ্গে মেতে উঠতে পারেন, তার সুযোগ করে দেওয়া প্রয়োজন।‘

চলতি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে এমন চমকপ্রদ ফলের পর দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ হিসেবে জাতীয় জাতীয় ছুটি ঘোষণা করল প্যারাগুয়ে।

এর আগে গ্রুপ ‘ই’ এর ম্যাচে জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। সেই খুশিতে দেশটির প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়াও দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন।