বিজিবির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, বিভিন্ন এলাকায় ৪ হাজার ৫০০ চারা রোপণ
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং পরিবেশ সংরক্ষণে অবদান রাখতে রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম ১ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় সদর দপ্তর খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ মারিশ্যা জোন (২৭ বিজিবি)-কে প্রথম পর্যায়ে ৭ হাজার ফলজ গাছের চারা বরাদ্দ দেওয়া হয়। এসব চারার মধ্যে রয়েছে লটকন, সুপারি, জাম, বেল, লেবু, জলপাই, কাঠজাম ও কাঁঠাল।
সোমবার (২৯ জুন) ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মোট ৪ হাজার ৫০০টি চারা রোপণ করা হয়। কর্মসূচির আওতায় সাজেক পর্যটন এলাকা, তালছড়িপাড়া, ওল্ড লংকরপাড়া, উদয়পুর চাকমাপাড়া, হালিমপুরপাড়া, পানছড়িপাড়া, শীলছাড়পাড়া, খাগড়াছড়িপাড়া, নলকাটাছড়াপাড়া, লম্বাছড়া, ছোট কংলাক, থলছড়াপাড়া, কমলাপাড়া, ভূইয়াছড়াপাড়া ও মাস্টারপাড়াসহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ জীবতলা এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম। এ সময় উপস্থিত ছিলেন মেজর অমিত কুমার সাহা, ভারপ্রাপ্ত অপস অফিসার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণের জন্য নয়, এটি জাতীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা যে গাছ রোপণ করছি, তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। কারণ সবুজ বাংলাদেশই আমাদের প্রত্যাশিত ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।”
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











