ঢাকা | মে ১৬, ২০২৬ - ৮:০৬ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে কেএনএফের আতঙ্ক কাটিয়ে নিজ ভিটায় ফিরল ৫ ম্রো পরিবার

  • আপডেট: Saturday, May 16, 2026 - 6:14 pm

বান্দরবান প্রতিনিধি।।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর নির্যাতন ও ভীতিপ্রদর্শনের মুখে ঘরছাড়া হওয়া ম্রো সম্প্রদায়ের আরও পাঁচটি পরিবার দীর্ঘদিন পর নিজ বসতভিটায় ফিরে এসেছে। শনিবার (১৬ মে) সেনাবাহিনীর সহায়তায় পরিবারের ২২ জন সদস্য আনন্দঘন পরিবেশে নিজ গ্রামে প্রত্যাবর্তন করেন।

জানা যায়, ২০২৩ সালের মে মাসে কেএনএফের আতঙ্কে বান্দরবানের পাইন্নুমপাড়া এলাকা থেকে এসব পরিবার নিরাপত্তার কারণে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। সম্প্রতি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধির ফলে তারা পুনরায় নিজ বাড়িতে ফিরে আসেন।

প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর পুনর্বাসন ও নতুনভাবে জীবনযাত্রা শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মানবিক সহায়তা প্রদান করে। এ সময় প্রতিটি পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ৫ কেজি লবণ বিতরণ করা হয়।

দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভিটেমাটিতে ফিরতে পেরে ম্রো পরিবারের সদস্যরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ জনগণের পাশে থেকে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি দুর্গম পাহাড়কে সন্ত্রাস, আতঙ্ক ও চাঁদাবাজিমুক্ত করে স্থানীয়দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ও নিরাপত্তা তৎপরতা চলমান থাকবে।