লংগদুতে প্রশিক্ষণ শেষে সনদসহ ছাগল ও মুরগি বিতরণ করল সেনাবাহিনী
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।। রাঙামাটির লংগদুতে স্থানীয় জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ ও পশু-পাখি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ রোববার (২৯ নভেম্বর) লংগদু জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জনের মাঝে সনদপত্রসহ ৩টি ছাগল ও ২৪টি মুরগি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পশু-পাখি তুলে দেন লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ মাহরুস, পিএসসি।
এর আগে, গত ২৩ ও ২৪ নভেম্বর স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৩ জন ও বাঙালি জনগোষ্ঠীর ২ জনসহ মোট ১৫ জন অংশ নেন। কর্মশালায় তাঁদের গবাদিপশু ও গৃহপালিত পাখি পালন, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রান্তিক এই পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে আশা করা হচ্ছে।










