ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

চাঁদা দাবির অভিযোগে লংগদুতে নেটওয়ার্ক বিপর্যয়, ভোগান্তি চরমে

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।। রাঙামাটির লংগদু উপজেলায় গত ২৪ নভেম্বর থেকে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। এর আগেও ইন্টারনেটের গতি কম থাকলেও বর্তমানে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষা কার্যক্রম, চিকিৎসাসেবা, অনলাইন কার্যক্রম ও বিভিন্ন দাপ্তরিক কাজে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের পক্ষ থেকে মোবাইল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বড় অঙ্কের চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এ নিয়ে সৃষ্ট জটিলতায় টাওয়ার রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। ফলে দিন দিন নেটওয়ার্ক পরিস্থিতির অবনতি হচ্ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক রবি কোম্পানির এক কর্মকর্তা মুঠোফোনে জানান, গত ২৪ নভেম্বর রাতে বগাপাড়া এলাকায় তাদের একটি গুরুত্বপূর্ণ মাদার টাওয়ারের সব ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ ঘটনায় জেএসএস সংস্কারপন্থী সংগঠনের সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেন তিনি। পরদিন টাওয়ারে মেরামতের কাজ করতে গেলে প্রকৌশলীদের কাজ না করার পাশাপাশি তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ওই কর্মকর্তা। এতে নিরাপত্তার আশঙ্কায় কাজ না করেই ফিরে আসেন সংশ্লিষ্ট কর্মীরা।

 

নেটওয়ার্ক সমস্যা কবে নাগাদ সমাধান হতে পারে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতা পেলে কয়েক দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেএসএস সংস্কারপন্থী সংগঠনের দীঘিনালা উপজেলা সাধারণ সম্পাদক সমীর চাকমা। তিনি বলেন, টাওয়ার কোম্পানিগুলোর সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। তাদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটানো হয়নি। কারা এ কাজ করেছে, সে বিষয়েও তারা অবগত নন।

 

এদিকে দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক সমস্যায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। বিশেষ করে ডিসেম্বর মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, ফলাফল প্রস্তুত, ভর্তি কার্যক্রমসহ নানা দাপ্তরিক কাজ থাকায় সমস্যাটি আরও প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি জরুরি যোগাযোগ ও চিকিৎসাসেবা গ্রহণেও বাধার মুখে পড়ছেন সাধারণ মানুষ।

 

স্থানীয় বাসিন্দারা দ্রুত নেটওয়ার্ক ব্যবস্থা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে টাওয়ার মেরামতকাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত যোগাযোগব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত