রস ছাড়াই তৈরি হচ্ছে ‘খাঁটি’ খেজুরের গুড়, জেল-জরিমানায়ও থামছে না দৌরাত্ম্য
রাজশাহী প্রতিনিধি।। রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ নকল খেজুরের গুড়। স্থানীয়ভাবে গড়ে ওঠা দেড় শতাধিক কারখানায় চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রং, রাসায়নিক পদার্থ ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে এসব গুড় তৈরি করা হচ্ছে।
জানা গেছে, প্রতিটি কারখানায় প্রতিদিন ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত নকল গুড় উৎপাদন হচ্ছে। পরবর্তীতে অনলাইন বিক্রেতা ও পাইকারদের মাধ্যমে এই ভেজাল গুড় দেশের বিভিন্ন প্রান্তের বাজারে ছড়িয়ে পড়ছে।
সংশ্লিষ্টদের মতে, বাজারে প্রকৃত খেজুরের গুড়ের উৎপাদন কমলেও নকল গুড়ের সরবরাহ দিন দিন বাড়ছে। বাঘা উপজেলার মীরগঞ্জের গাছি রফিকুল ইসলাম জানান, তারা দিনভর পরিশ্রম করে মাত্র ১০ কেজি খাঁটি গুড় তৈরি করতে হিমশিম খান, অথচ ভেজাল কারবারিরা এক রাতেই ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করে বাজার দখল করছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাসায়নিক মিশ্রিত এসব গুড় খেলে ডায়রিয়া ও আলসারসহ পেটের নানা জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘদিন এসব ক্ষতিকর উপাদান গ্রহণে কিডনি, লিভার ও হৃদ্যন্ত্রের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা জানান, রাসায়নিক মিশ্রিত এই গুড় বিশেষ করে শিশুদের খাবারে ব্যবহার করা হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
ভেজাল গুড় তৈরির দায়ে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার বাঘার বাউসা ইউনিয়নের কাচারিপাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ধ্বংসের পাশাপাশি মো. বকুল ও ফজলুর রহমান নামে দুই কারিগরকে ১০ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া এর আগে বাঘার রুস্তমপুর ও পীরগাছায় দুটি কারখানাকে ২ লাখ টাকা এবং চারঘাটের মেরামতপুরে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযানের পরদিনই গোপনে আবার অনেক কারখানা চালু হয়ে যাচ্ছে।
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জানান, অভিযানে কারখানাগুলোতে এক ফোঁটা খেজুরের রসও পাওয়া যায়নি। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।











