পাকিস্তানে জিন্নাহ ও আল্লামা ইকবালের সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিনের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক।। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ এবং দেশটির জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
পাকিস্তান সফররত স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ এবং লাহোরে আল্লামা ইকবালের সমাধি পরিদর্শন করেন।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
সমাধিসৌধগুলো পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানও পরিদর্শন করেন তারা।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) করাচিতে পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত সোমবার (২৩ নভেম্বর) ইসলামাবাদ যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের কোনো জাতীয় সংসদের স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর।
সফরের শুরুতে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী রয়েছেন।











