ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ৮:০৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ, ফুলেল সংবর্ধনায় সিক্ত পার্বত্য মন্ত্রী

রাজস্থলী প্রতিনিধি।।

 

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি (স্নাতক) কোর্স চালুর উদ্যোগে ডিও লেটার প্রদান করায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ সময় শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানান তিনি।

 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বান্দরবান থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি যাওয়ার পথে পুলিশ এসকর্টসহ বাঙ্গালহালিয়া সরকারি কলেজে পৌঁছান মন্ত্রী। তাঁর আগমন উপলক্ষে বাঙ্গালহালিয়া বটতলী এলাকা থেকে রাজস্থলী উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

 

পরে কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া রাজস্থলী উপজেলা বিএনপি, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, বাঙ্গালহালিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

 

এ সময় কলেজে ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক সম্প্রসারণে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন কলেজ কর্তৃপক্ষ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, বছরের শেষ দিকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা উচিত। শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত থাকলে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আইয়ুব নূরী চৌধুরী, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংইঞো মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক প্রকৌশলী মংছাখই মারমা, অরুণ সেন, জেলা বিএনপির সদস্য মিচা সিং মারমা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল তংচঙ্গ্যাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ আনুমানিক ৩০০ থেকে ৩৫০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

পরে দুপুর ২টা ৫০ মিনিটে মন্ত্রী কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধবিহার ঘাট এলাকার উদ্দেশ্যে বাঙ্গালহালিয়া ত্যাগ করেন।

 

স্থানীয়দের প্রত্যাশা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ডিগ্রি কোর্স চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে রাজস্থলীসহ আশপাশের দুর্গম এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। এতে স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সম্পর্কিত