ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ৮:০৭ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাই লেকের পানি না কমায় বিপাকে হাজারো কৃষক, ফসলহানির শঙ্কা

 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

 

যথাসময়ে কাপ্তাই লেকের পানি না কমায় রাঙ্গামাটির লংগদু উপজেলার হাজারো কৃষক বিপাকে পড়েছেন। বোরো ধান, সরিষা, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষাবাদ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক কৃষকের বীজতলা ডুবে গেছে। গত বছরও একই সমস্যায় ফসলের ক্ষতির মুখে পড়েছিলেন স্থানীয় কৃষকরা।

 

সরেজমিনে জানা গেছে, কাপ্তাই লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল (মিন সি লেভেল) এবং বিপৎসীমা ১০৮ ফুট এমএসএল। গত সেপ্টেম্বরে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুটে পৌঁছালে জলকপাট খোলা হয়েছিল। এতে পানি কমে লেকের বিভিন্ন স্থানে চর জেগে ওঠে। তবে গত সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও প্রায় এক ফুট পানি বেড়ে যায়। ফলে লেকসংলগ্ন নিচু এলাকার অনেক কৃষকের বীজতলা পানিতে তলিয়ে গেছে।

 

লংগদু উপজেলার সোনারগাঁও ও ডিপুরমুখ এলাকার তরমুজচাষিরা জানান, ঋণ ও ধারদেনা করে তাঁরা চাষাবাদ শুরু করেছেন। কেউ দুই থেকে তিন লাখ টাকা দিয়ে জমি লিজ নিয়েছেন। আবার অনেকে আড়ত থেকে এক থেকে দুই লাখ টাকা দাদন নিয়ে চাষের প্রস্তুতি নিয়েছেন। এ সময়ে লেকের পানি কমে বীজতলা তৈরির কাজ শেষ হওয়ার কথা থাকলেও উল্টো পানি বেড়ে যাওয়ায় তাঁদের প্রস্তুতি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত আরও পাঁচ ফুট পানি কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

 

লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান বলেন, গত বছরও উপজেলার অনেক কৃষক কাপ্তাই লেকের পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এ বছরও আগামী কয়েক দিনের মধ্যে পানি না কমলে কৃষকদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। ইতোমধ্যে সরিষা ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের বীজতলা প্রস্তুত করতে পারেননি অনেক কৃষক। কৃষকদের ক্ষতি এড়াতে দ্রুত পানি কমানো প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

 

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, লেকের পানি কমানোর বিষয়টি এখন তাঁর নিয়ন্ত্রণে নেই। বর্তমানে যেভাবে পানি কমছে, সেভাবেই কমতে থাকবে। কৃষকদের ক্ষতির আশঙ্কার বিষয়ে তিনি বলেন, গত বছর এ সময়ে লেকের পানির উচ্চতা ছিল ১০৬ ফুট এমএসএল। বর্তমানে তা ১০০ ফুট এমএসএল। সে হিসাবে গত বছরের তুলনায় বর্তমানে পানির উচ্চতা কম রয়েছে।

 

এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, দ্রুত সময়ের মধ্যে পানি কমে যাবে। বৃষ্টির কারণে লেকের পানি বেড়ে যাওয়ার বিষয়টি তিনি সদ্য অবগত হয়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত