রাজধানীর কলাবাগানে দগ্ধ পাঁচজনের চারজনেরই মৃত্যু
ঢামেক সংবাদদাতা।। রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ওই নারী র নাম শামসুন্নাহার বেগম (৫০)।
আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার শামসুন্নাহারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকের তথ্যমতে, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ঘটনায় দগ্ধ দেড় বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু আগেই হয়েছিল। এর মধ্যে গত শুক্রবার ইফতি সাবা (২৫), শনিবার তাঁর শিশুপুত্র আর এস রহমান মাহাদ (দেড় বছর) এবং গতকাল মঙ্গলবার সাবলেট থাকা সানজিদা আক্তার (২০) মারা যান। সর্বশেষ আজ ভোরে সানজিদার মা শামসুন্নাহার বেগমও মারা গেলেন।
দুর্ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে কেবল ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২) জীবিত আছেন। তাঁর শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছিল এবং চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের ৮৮ নম্বর ‘কাঞ্চন টাওয়ার’-এর চতুর্থ তলার ফ্ল্যাটে এই বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সিলিন্ডার লিকেজ হয়ে সারা রাত ঘরে গ্যাস জমে ছিল। সকালে ইফতি সাবা নাশতা তৈরির জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দুটি পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।











