ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনীতি

বিজয়ের মাস ও উদ্ভূত পরিস্থিতি: জামায়াতের ৪০ দিনের টানা কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।। দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে নাশকতা ও জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর পাশাপাশি পোশাক খাতের অস্থিরতা এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সংকট চলছে। সরকার এসব বিষয় উপলব্ধি করতে না পারলে পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, বুধবার নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় দুজন নিহত হয়েছেন এবং হাসপাতাল, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এসব হামলা কেবল গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, বরং দেশের ২২টি জেলায় ছড়িয়ে পড়েছে। সরকারের ব্যর্থতার কারণেই আজকের এই পরিণতি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ঘোষিত কর্মসূচির প্রথম ধাপে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর বাদ জোহর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে দলটি। একই দাবিতে ২৫ নভেম্বর ঢাকা বাদে দেশের ১১টি মহানগরীতে এবং ২৬ নভেম্বর সব জেলা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন করবে দলের মহিলা বিভাগ।

কর্মসূচির ধারাবাহিকতায় ২৯ নভেম্বর ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকায় আলোচনা সভা এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২ ডিসেম্বর পোশাক শিল্পের সংকট নিরসনে, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবসে, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় পৃথক আলোচনা সভা করবে জামায়াত।

আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি আয়োজন করা হবে।

এছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কর্মসূচির শেষ ভাগে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করবে জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা পরিহার করে নিয়মতান্ত্রিকভাবেই তারা ফ্যাসিবাদকে প্রতিহত করবেন।

সম্পর্কিত