ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

আইন আদালত

বরিশালে সিনিয়র সহকারী জজ নিখোঁজ, থানায় জিডি

বরিশাল প্রতিনিধি।। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সিভিল জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে বুধবার বিকেলে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

এ ঘটনায় বুধবার বিকেল সোয়া ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আদালত ও পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ বিচারক বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার বিকেলে আদালতের কার্যক্রম শেষ করে তিনি বের হন। সন্ধ্যা ৬টার দিকে তার স্ত্রী আদালতের অফিস সহায়ক নুর আলমকে ফোন করে বিচারক বাসায় ফেরেননি বলে জানান এবং পরে রাত ৮টা ও ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে মঙ্গলবার বিকেলে তিনি রিকশায় করে নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান এবং গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন। সর্বশেষ রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় তাকে মাস্ক পরা অবস্থায় একটি রিকশায় যেতে দেখা গেছে।

ওসি আরও বলেন, নিখোঁজ বিচারকের মোবাইল ফোনটি এখনো বন্ধ রয়েছে। খবর পাওয়ার পর থেকেই পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর বিভিন্ন আবাসিক হোটেলসহ সম্ভাব্য স্থানগুলোতে তল্লাশি অব্যাহত রেখেছে।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জানান, বুধবার বিচারক শেখ ফারহান নাদিম কর্মস্থলে উপস্থিত না হওয়ায় খোঁজ নিয়ে তারা নিখোঁজের বিষয়টি জানতে পারেন। তবে বিষয়টি পারিবারিক কোনো ঘটনাও হতে পারে বলে ধারণা করছেন তিনি।

সম্পর্কিত