ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

একই জায়গার দাবিদার দুজন, প্রতিনিয়ত চলছে মামলা-হামলা

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি)।

 

রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা একই জায়গার মালিক বলে দুজনেই দাবি করছেন।

 

সরেজমিনে ঘুরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আবু সাহেদ জায়গা ক্রয় করেছেন, তা সত্য এবং ফজিলাতুন্নেছার জায়গা আছে, সেটাও সঠিক। তবে আবু সাহেদ যার কাছ থেকে জায়গা ক্রয় করেছেন, ওয়াজ উদ্দীন তিনি জায়গা বুঝিয়ে দিতে অক্ষম।

 

এসব বিষয়ে আবু সাহেদ বলেন, আমি ওয়াজ উদ্দীনের কাছ থেকে ২০২৫ সালে জায়গা ক্রয় করি। তখন থেকে আমার জমিতে বিভিন্ন ফসল করে আসছি এবং ঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কয়েক দিন যাবৎ মোস্তফা উক্ত জায়গা তার মায়ের বলে আমাদের ওপর হামলা করে যাচ্ছে। দ্রুত সময়ে আমি এর প্রতিকার চাই। আমার কাছে ওয়াজ উদ্দীন তৃতীয় শ্রেণির ৯৫ শতাংশ জায়গা বিক্রি করেন। নামজারি করেও দেন তিনি। কিন্তু এখন সে জায়গা বুঝিয়ে দিতে গিয়ে অস্বীকার করছেন। অথচ আমরা এখানে পেঁপে বাগান করি, আগর গাছ লাগাই। মোস্তফা ও তার লোকজন দিয়ে পুরো বাগান কেটে ধ্বংস করে দেয়। এসব বিষয়ে দ্রুত সমাধান চায় পরিবারটি।

 

এ বিষয়ে ওয়াজ উদ্দীন বলেন, আমি ২০২৫ সালে জায়গা বিক্রি করি। আমি আবু সাহেদের কাছে ধানের জমি বিক্রি করি। আমার রেকর্ডীয় জায়গা থেকে ৯৫ শতাংশ জায়গা আমি সাহেদের নামে নামজারি করে দিয়েছি। এখন তারা টিলা জমি দাবি করছে।

 

এদিকে ফজিলাতুন্নেছার ছেলে ও স্বামী মোহাম্মদ আলী সরদার জানান, আমার স্ত্রীর নামে ৮০/৭৯-এর রেকর্ডীয় জায়গা আবু সাহেদ দখল করতে চাচ্ছেন। তারা ২০২৫ সালে ওয়াজ উদ্দীনের কাছ থেকে জায়গা ক্রয় করে নিয়েছেন। অথচ কয়েক যুগ ধরে আমরা এ জায়গায় বসবাস করে আসছি। তারা আমাদের লাগানো জলপাই বাগানসহ দখল করে এখন আমাদের নামেই মিথ্যা মামলা করে বসে আছেন। এসব বিষয়ে স্থানীয়ভাবে বিচারও হয়েছিল। তারা কোনো বিচার মানতে রাজি নন। আমরা দ্রুত মিথ্যা ও বানোয়াট হয়রানি থেকে মুক্তি চাই।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম জানান, জায়গাটি আবু সাহেদ ওয়াজ উদ্দীনের কাছ থেকে ক্রয় করেছেন, তা জানি। এখন একই জায়গার মালিক দুজন হওয়ায় ঝামেলা প্রতিনিয়ত বাড়ছে। দ্রুত সময়ে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়া জরুরি।

সম্পর্কিত