সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৫ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক।। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে অর্থ পাচারের দায়ে সাইফুজ্জামান চৌধুরীকে ১০ বছর এবং অর্থ আত্মসাতের দায়ে ৫ বছরসহ মোট ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার ৩৬ জন আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকটির কয়েকজন সাবেক পরিচালক ও কর্মকর্তাসহ ৫ জনকে ৫ বছর করে এবং ২ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না পাওয়ায় মামলার বাকি ১৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে আসামিদের মধ্যে মাত্র চারজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পেয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত বাকি তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রধান আসামি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
এদিকে রায়ের পর আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানান, এই রায়ে তারা সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য ছিল।
মামলার অভিযোগপত্র ও তদন্ত সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরীর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক দেখানো হয়। গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা বলে ইউসিবিএলের পোর্ট শাখা থেকে ১৮০ দিনের জন্য এই ২৫ কোটি টাকার ঋণ আবেদন করা হয়েছিল।
ব্যাংকটির করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ওই ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। তবে তা উপেক্ষা করে ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের ৪৪৮তম পর্ষদ সভায় ঋণটি অনুমোদন করা হয়।
পরবর্তীতে অনুমোদিত অর্থ আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে নগদে উত্তোলন করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এই জালিয়াতির ঘটনা ঘটে। উত্তোলন করা অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনার কাজে ব্যবহার করেছিলেন সাবেক এই ভূমিমন্ত্রী।











