আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি কনটেইনার ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে গোলাঘাট জেলার রঙ্গাজান এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা ২৬ জনে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন কোহোরা মডেল হাসপাতালের চিকিৎসকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহী মিনিবাসটি গোলাঘাট জেলার বোকাখাট থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কর্ণাটক নিবন্ধিত একটি কনটেইনার ট্রাকের সঙ্গে বাসটির সজোরে সংঘর্ষ হয়।
দুর্ঘটনাকবলিত মিনিবাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। নিহত ও আহতদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হতাহতদের মধ্যে নারী ও অপ্রাপ্তবয়স্ক যাত্রীও রয়েছেন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় কোহোরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বোকাখাট, গোলাঘাট ও যোরহাটের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, মিনিবাসটি অতিরিক্ত গতিতে চলছিল। জাতীয় উদ্যানের সামনে একবার ট্রাফিক আইন ভঙ্গ করার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। বাসটির বিরুদ্ধে অতীতেও অন্তত ১২ বার ট্রাফিক আইন ভাঙার রেকর্ড ও জরিমানা বকেয়া থাকার তথ্য পেয়েছে পুলিশ।
এই মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।











