ঢাকা | নভেম্বর ৩, ২০২৬ - ১:০৯ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে মাদরাসা বোর্ডে একমাত্র জিপিএ-৫ পেলেন সাঈদাতুন নুর মুনতাহা

বোয়ালখালী প্রতিনিধি:

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় একমাত্র জিপিএ-৫ অর্জন করেছেন সাঈদাতুন নুর মুনতাহা। তিনি উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থী।

 

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বোয়ালখালী উপজেলায় মোট ২ হাজার ৭০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৩৯০ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ৩১৬ জন। উপজেলায় পাসের হার ৫১ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ৯ জন।

 

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনেও ফলাফল প্রকাশ করা হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, বোয়ালখালী উপজেলার ছয়টি মাদরাসা থেকে ১৩৬ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৯৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩৭ জন। ছয়টি মাদরাসার মধ্যে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছেন কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থী সাঈদাতুন নুর মুনতাহা।

 

মাদরাসাভিত্তিক ফলাফলে দেখা যায়, হাওলা কুতুবিয়া সিনিয়র মাদরাসা থেকে ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ জন, খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসা থেকে ১৫ জনের মধ্যে ১০ জন এবং বেঙ্গুরা সিনিয়র মাদরাসা থেকে ২০ জনের মধ্যে পাস করেছেন ১০ জন।

 

অন্যদিকে, কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা থেকে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩ জন। এ মাদরাসা থেকেই একমাত্র জিপিএ-৫ অর্জিত হয়েছে। চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে সাতজনের মধ্যে পাস করেছেন তিনজন এবং শাকপুরা দারুসসুন্নাহ কামিল মাদরাসা থেকে ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩ জন।

 

নিজের অনুভূতি প্রকাশ করে কৃতী শিক্ষার্থী সাঈদাতুন নুর মুনতাহা বলেন, ‘এখন আমার স্বপ্ন, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।’

 

কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক বলেন, বোয়ালখালী উপজেলার ছয়টি মাদরাসার মধ্যে তাঁর প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করায় তাঁরা আনন্দিত ও গর্বিত। মুনতাহার এ সাফল্যে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত খুশি।

 

মুনতাহার বাবা, মাদরাসার সহকারী অধ্যাপক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস শিকদার বলেন, ‘মেয়ের সাফল্যে আমরা আনন্দিত। এ সফলতা অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।’

 

এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বোয়ালখালী উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমে উদাসীনতা ও পড়ালেখায় অমনোযোগিতার কারণে ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে। তবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা গেলে ফলাফলের উন্নতি সম্ভব।

সম্পর্কিত