ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৭:৪৭ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

টেকনাফে মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ আটক ১২

 

 

এম এ হাসান, টেকনাফ প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।

 

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার গভীর রাতে কোস্ট গার্ডের একটি জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

 

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা ১২ জনকে আটক করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

 

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত