ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ৫:০২ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে তিন গাড়িতে আগুন, সাংবাদিক-বিজিবি সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরে শ্রমিক আন্দোলনে আজ সোমবার মহাসড়ক উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারী শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ইটের আঘাতে বিজিবি সদস্য এবং পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকার দেড় শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি ও পুলিশ ধাওয়া দিলে শ্রমিকরা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে এক বিজিবি সদস্য আহত হন।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে শ্রমিকদের নতুন করে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে থাকা পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর চালিয়ে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসন হামলার শিকার হন এবং তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া এসএ টিভির একজন ক্যামেরাপারসন পায়ে আঘাত পান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে আজ দেড় শতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। মহাসড়ক ও শিল্প এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা পুলিশ এবং মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশের সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।

সম্পর্কিত