মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ
মুরাদনগর সংবাদদাতা।। কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগদান না করায় পাঁচজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী।
হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং শৌচাগার ঘুরে দেখেন। এ সময় তিনি সাধারণ রোগী ও তাদের স্বজনদের মুখোমুখি হয়ে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন। একই সাথে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্বপালন নিবিড়ভাবে যাচাই করেন তিনি।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং কোনোভাবেই দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাকে তিনি বাধ্যতামূলক বলে উল্লেখ করেন।
মন্ত্রী হাসপাতালের কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন এবং সেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন। স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবরে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যে বাড়তি তৎপরতা ও সতর্কতা লক্ষ্য করা গেছে।











